ফেসবুকে বিদ্যানন্দ প্রধানের পদত্যাগের ঘোষণা

৫ মে, ২০২০ ১৬:০২  
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা আর অনুদানের গতি কমে যাওয়ায় সমাজসেবামূলক সংস্থা 'বিদ্যানন্দ' প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিশোর কুমার দাশ। অবশ্য প্রধানের পদ ছাড়লেও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিতে চেয়েছেন তিনি। মঙ্গলবার (৫ মে) সকালে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেয়া হয়েছে। ওই ঘোষণায় বলা হয়, "বিদ্যানন্দ" নামটি দিয়েছেন এক মুসলমান ব্র্যান্ড এক্সপার্ট। "আনন্দের মাধ্যমে বিদ্যা অর্জন" স্লোগানের সাথে মিল রেখে তিনি নামটি দিয়েছিলেন। অনেকেই এটাকে ব্যক্তির নাম থেকে ভেবে ভুল করেন। এজন্য আমরা দুই বছর আগে নাম পরিবর্তনের পক্ষে-বিপক্ষে ভোটে করি এবং স্বেচ্ছাসেবকরা নাম পরিবর্তনের বিপক্ষে ভোট দেয়। এই পোস্টে জানানো হয়, বিদ্যানন্দের প্রবাসী উদ্যোক্তা সশরীরে খুব অল্পই সময় দিতে পারেন। ৯০% মুসলিম স্বেচ্ছাসেবকরাই চালিয়ে যান প্রতিষ্ঠানটির বিশাল কর্মযজ্ঞ। তবুও উদ্যোক্তার ধর্ম পরিচয়ে অনেকেই অপপ্রচার চালায় মিথ্যা তথ্য দিয়ে। যাতে ক্ষতিগ্রস্থ হয় কার্যক্রম, অনুদানের গতি। এতে আরো বলা হয়, গত মাসেই বিদ্যানন্দের প্রধান পদত্যাগের কথা জানিয়ে দেন স্বেচ্ছাসেবকদের। সাম্প্রদায়িক অপপ্রচারে নয়, বরঞ্চ ব্যক্তিগত ত্যাগে স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করার এবং নতুন মেধায় প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার স্বপ্নে এমন সিদ্ধান্ত। আর তিনি প্রধানের পদ ছাড়লেও বিদ্যানন্দ ছাড়ছেন না, বরঞ্চ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিতে চেয়েছেন। আমরা বিষয়টি প্রকাশ করতে চেয়েছিলাম চলমান ক্যাম্পেইনের পরে। কিন্তু কিছুদিন ধরে চলা মাত্রাতিরিক্ত সাম্প্রদায়িক অপপ্রচারে জল ঢালতে খবরটি আজকে শেয়ার করলাম।